শিরোনাম

অবৈধ দখলে বসুরহাটের শংকর বংশী খালপাড়ের ওয়াকওয়ে, দুর্ভোগে পথচারী

অবৈধ দখলে বসুরহাটের শংকর বংশী খালপাড়ের ওয়াকওয়ে, দুর্ভোগে পথচারী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার শংকর বংশী খালসংলগ্ন জনগুরুত্বপূর্ণ ওয়াকওয়ে দিন দিন অবৈধ দখলের কবলে পড়ছে। সাধারণ মানুষের হাঁটা, প্রাতঃভ্রমণ ও নির্বিঘ্ন চলাচলের জন্য নির্মিত এ ওয়াকওয়েতে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, নারী, বয়োবৃদ্ধ ও সাধারণ পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে ওয়াকওয়েটি ধীরে ধীরে হকারদের দখলে চলে যাচ্ছে। একসময় পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন এ পথ এখন অনেকাংশেই ব্যবসায়িক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ওয়াকওয়ের দুই পাশে এবং কোথাও কোথাও মাঝখানেও চায়ের স্টল, ফলের দোকান ও বিভিন্ন ভ্রাম্যমাণ পণ্যের দোকান বসানো হয়েছে। এতে চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে পথচারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

এক পথচারী বলেন, “এই ওয়াকওয়েটি মানুষের হাঁটার জন্য নির্মাণ করা হয়েছিল। এখন দোকানপাটের কারণে স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ নেই। অনেক সময় বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রশাসনের দ্রুত দখলমুক্ত করা উচিত।”

কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএইচএম মান্নান মুন্না বলেন, “সরকার জনগণের সুবিধার জন্য ওয়াকওয়ে নির্মাণ করেছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে সেটি দখল হয়ে যাচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো ওয়াকওয়েটিই অবৈধ দখলে চলে যাবে। জনস্বার্থে অবিলম্বে দখলমুক্ত করে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভবিষ্যতে পুনর্দখল ঠেকাতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের জন্য নির্মিত এই গুরুত্বপূর্ণ অবকাঠামো তার মূল উদ্দেশ্য হারাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর