সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন আদালতে এ আবেদন করেন।
সাদিকুল ইসলাম ভদু দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়া এলাকার শওকত আলীর ছেলে। হত্যা মামলায় তিনি দুই নম্বর আসামি। গত ২৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে ভদুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের শামছুর রহমান সানার ছেলে ওয়াহেদুজ্জামান শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১২ ও ১৩ অক্টোবর তাঁকে তিন দফায় মারধর করা হয়। অভিযোগ রয়েছে, প্রথমে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁকে নির্যাতন করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, পুলিশ, আনসার সদস্য ও কর্তব্যরত চিকিৎসকের উপস্থিতিতে সখীপুর হাসপাতালে শামীমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল ১৫ অক্টোবর দেবহাটা থানায় হত্যা মামলা করেন।
মামলায় ফজলুল হক আমিনি, সাদিকুল ইসলাম ভদু, মোক্তার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর ১৫ অক্টোবর রাতে মোক্তার খান, ১৬ অক্টোবর সকালে আসাদুল মোল্লা এবং ১৭ অক্টোবর ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করা হয়। পরে ফজলুল হক আমিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।