পরীক্ষার খাতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর লেখার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। শাস্তিপ্রাপ্ত দুজনের একজন ছাত্রদল নেতা এবং অন্যজন হল সংসদের নির্বাচিত সদস্য।
শাস্তিপ্রাপ্তরা হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফাতহুন কারিব চৌধুরী এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, কারিব চৌধুরীকে ‘পরীক্ষা +২’ এবং ফেরদাউসকে ‘পরীক্ষা +১’ মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
এর ফলে কারিব চৌধুরীর যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী দুটি পরীক্ষায় অংশ নিতে পারবেন না তিনি। অন্যদিকে ফেরদাউসের সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী একটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।