ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সোশ্যাল মিডিয়া কমিউনিকেটরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি স্যালাইনের সরবরাহ নিশ্চিত এবং প্রয়োজনীয় বেড প্রস্তুত রাখা হচ্ছে।
তিনি বলেন, শুধু চিকিৎসা সক্ষমতা বাড়িয়ে ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণ কমানো সম্ভব নয়। এজন্য মানুষের আচরণগত পরিবর্তন প্রয়োজন। মানুষকে সচেতন করে সরাসরি প্রতিরোধমূলক পদক্ষেপে যুক্ত করতে কনটেন্ট ক্রিয়েটররা কার্যকর ভূমিকা রাখতে পারেন।
প্রতিমন্ত্রী বলেন, “মানুষ আপনাদের কথা শোনে। এটিকে কেবল বাণিজ্যিক চুক্তি হিসেবে না দেখে সামাজিক দায়বদ্ধতা ও আন্তরিকতা থেকে দেখুন। একটি সৃজনশীল ভিডিওও হয়তো কারও পরিবারের একটি প্রাণ রক্ষা করতে পারে।”
বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে শিগগিরই তাদের প্রাথমিক ধারণা ও কনটেন্ট পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিকল্পিত ডিজিটাল ক্যাম্পেইনের কনটেন্ট আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে প্রচারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গতানুগতিক সরকারি প্রচারণার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মাধ্যমগুলো ব্যবহার করে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও আচরণগত পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।