শিরোনাম

তথ্য অধিকার নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিশন

তথ্য অধিকার নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিশন

তথ্য অধিকার নিশ্চিত করা এবং জনগণের তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও তথ্য কমিশনের দুই নবনিযুক্ত সদস্য।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন। আলোচনায় জনগণের অবাধ তথ্য অধিকার নিশ্চিত করা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনারকে নিয়োগ দেওয়া হয়। প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। অন্যদিকে, তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস. এ. এম মাহফুজুর রহমান ও সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেন।

‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাঁদের এ পদে নিয়োগ প্রদান করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর