**সৌদি আরবের সঙ্গে চুক্তি সম্পন্ন, বাড়ল ৫ হাজার হজযাত্রীর কোটা; অন্য দেশের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস**
২০২৭ সালের পবিত্র হজ পালনে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। নতুন চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় বাংলাদেশের মোট হজ কোটা বেড়েছে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি এবং আগামী বছরের হজ আয়োজন নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের জন্য আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়াতে সম্মত হন। এর ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
এর আগে ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের প্রাথমিক কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ নির্ধারিত ছিল। নিবন্ধনে আগ্রহীদের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন করা হয়েছিল। শেষ পর্যন্ত সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার কোটা অনুমোদন করে।
চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী জানান, হজের কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। বিপুলসংখ্যক হজযাত্রীর আবাসন ও ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রেখে সৌদি আরবকে বাংলাদেশের কোটা আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়।
তবে এই সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অব্যবহৃত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তাঁর ভাষায়, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’
**হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান বাড়ানোর উদ্যোগ**
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের যাতায়াত, আবাসন, চিকিৎসাসেবা এবং সার্বিক ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়নের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী, সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহবিষয়ক সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন চুক্তির ফলে আগামী বছর আরও ৫ হাজার বাংলাদেশির পবিত্র হজ পালনের সুযোগ তৈরি হলো। তবে চূড়ান্তভাবে কতজন সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন, তা পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত ও নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।