নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় তিস্তা সেচ খাল ও আশপাশের জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা জালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং দুই মালিককে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার চেংমারী ব্রিজসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন উপজেলার রণচণ্ডী উত্তর বাফলা পশ্চিমপাড়া গ্রামের তাহেরের ছেলে সোলায়মান গণি এবং একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ইউনুছ আলী। তাদের মধ্যে সোলায়মান গণিকে ৫০ হাজার এবং ইউনুছ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার রেজাউল বাবু জানান, চেংমারী এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে আদালতের নির্দেশে চেংমারী ব্রিজ এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
তিনি বলেন, জীববৈচিত্র্য ও দেশীয় মাছ সংরক্ষণের স্বার্থে অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।