শিরোনাম

‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষও রোপণ করুন’ — প্রতিমন্ত্রী

‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষও রোপণ করুন’ — প্রতিমন্ত্রী

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার সঙ্গে সঙ্গে একটি করে বৃক্ষও রোপণ করুন।” তিনি বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নদী ও বৃক্ষ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই নদীতীরজুড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জন্য অক্সিজেনের প্রধান উৎস হওয়ায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

উদ্বোধন শেষে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর