নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সময় হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। সাংবাদিক হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
বক্তারা সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত হন বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ। এ হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।