শিরোনাম

নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় মালিকদের হাতে ফিরল হারানো মোবাইল

নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় মালিকদের হাতে ফিরল হারানো মোবাইল

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেলের উদ্ধার করা ২০টি হারানো মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং জোরদারের লক্ষ্যে জেলা পুলিশে ‘সাইবার সেল’ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সাইবার সেলের সদস্যরা তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণে হারানো মোবাইল উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং সাইবার অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের উদ্ধার করা ২০টি মোবাইল ফোন এবং ভুলবশত অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে সেবাগ্রহীতারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার সেলের এ জনবান্ধব উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর