শিরোনাম

পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, ১৮ জেলে আটক

পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, ১৮ জেলে আটক
ছবি প্রতিনিধি

মা ইলিশের প্রজনন সুরক্ষায় মুন্সীগঞ্জের লৌহজং ও শ্রীনগর উপজেলার পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টার অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৮ জেলেকে আটক করা হয়।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়।

আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা অংশ নেন।

প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞার সময় নদীতে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর