শিরোনাম
পুলিশের ওপর হামলা

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা-অবরুদ্ধের অভিযোগ, আটক ৩

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা-অবরুদ্ধের অভিযোগ, আটক ৩

সাতক্ষীরার তালায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—হাজরাকাটি গ্রামের মো. ফারুক বিশ্বাস, রফিকুল বিশ্বাস ও রাশেদ খাঁ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য সোহেল শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ডে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে আসছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি কয়েকজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর জেরে ক্ষুব্ধ হয়ে একটি মাদকচক্র তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে রোববার রাতে পুলিশ হাজরাকাটি গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার পাশাপাশি সদস্যদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মাদকচক্রের সদস্য ও মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের কাজে বাধা দিয়ে সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা দেওয়া এবং মাদক সংশ্লিষ্টতার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর