শিরোনাম

বাউস্টে সামার-২০২৬ (২৩তম ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাউস্টে সামার-২০২৬ (২৩তম ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট)-এ সামার-২০২৬ সেশনের (২৩তম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তরের উদ্যোগে সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, গবেষণা, উদ্ভাবন এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.)। তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ, শৃঙ্খলা, বিভিন্ন নীতিমালা এবং শিক্ষার্থী সহায়তা সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গে পথচলা শুরু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৬০০ নবীন শিক্ষার্থী অংশ নেন। প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর