জামালপুরের বকশীগঞ্জে পরিমাপে কম ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা বাজার ও রামরামপুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওজন ও মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী সারমারা বাজারের ব্যবসায়ী আলমাছ হোসেনকে ১০ হাজার টাকা এবং রামরামপুর খেয়াঘাটের ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আবিদ হাসান উপস্থিত ছিলেন।
অভিযানে বকশীগঞ্জ থানা-পুলিশ সহযোগিতা করে।