শিরোনাম
সংস্কার বাস্তবায়নের দাবি

নীলফামারীতে এনসিপির পথসভায় বিএনপি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ

নীলফামারীতে এনসিপির পথসভায় বিএনপি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া ৩১ দফা অঙ্গীকার থেকে বিএনপি সরে এসেছে এবং প্রতিশ্রুত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন করেনি।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের কয়েক মাস পরও সেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তিনি দাবি করেন, সংবিধান সংস্কার, বিচার বিভাগে সংস্কার এবং নতুন কাঠামোর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মতো বিষয়ে বিএনপি তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে।

তিনি আরও বলেন, “দেশের মানুষ শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনও চেয়েছিল। গণভোটে সংস্কারের পক্ষে জনগণ মত দিলেও এখন সেই রায়কে উপেক্ষা করা হচ্ছে।”

দেশের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ঋণের বোঝা বাড়ছে এবং বাজেট ঘোষণার আগেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এসব সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, উত্তরবঙ্গ এখনো শিল্প, স্বাস্থ্যসেবা ও উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। তিনি জুলাই গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

পথসভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরে দলীয় প্রভাব, টেন্ডারবাজি ও অনিয়ম বাড়ছে। তিনি বলেন, “যে কোনো ধরনের জুলুম ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে।”

তিনি আরও বলেন, সরকার যেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো নির্দিষ্ট দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের নয়, পুরো দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেয়। একই সঙ্গে তিনি সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক হিসেবে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পরে কেন্দ্রীয় নেতারা নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত আরেকটি পথসভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর