শিরোনাম

গৌরনদীতে বৃক্ষমেলা, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

গৌরনদীতে বৃক্ষমেলা, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

দিনের প্রথম কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৯টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

পরে বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন করেন মন্ত্রী। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক (কোস্টাল সার্কেল, বরিশাল) ড. মোল্লা রেজাউল করিম। উদ্বোধন শেষে মন্ত্রী কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-২০২৬-এর অর্থায়নে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের ক্রেস্টও প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, “একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”

দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন বৃদ্ধি, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ ধারাবাহিক কর্মসূচির মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর