শিরোনাম

কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রফিকুল ইসলাম রফিক মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় সড়কের পাশে টহল ও পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য একটি গাড়ি থামানো হয়। তখন একটি কাভার্ডভ্যান তাঁদের ধাক্কা দেয়।

এতে এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল ও গাড়িচালক ফজলে রাব্বি এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পুলিশের দাবি, ধাক্কার পর এসআই মিজানুর রহমান কাভার্ডভ্যানটির সঙ্গে আটকে গেলে তাঁকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যান।

পরে স্থানীয় এক রিকশাচালক ও পথচারীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল হোসাইন বিএনপি নেতা রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এসআই মিজানুর রহমান মারা যান। পিএসআই জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর