বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ক্ষমতায়ন এবং কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা বাড়াতে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সম্ভাবনার উৎসব-ক্যারিয়ার ফেস্টিভ্যাল’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া হাজীপুর এলাকার আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
‘বাল্যবিবাহ নিরোধে ত্বরান্বিত পদক্ষেপ গ্রহণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ উৎসবের লক্ষ্য ছিল কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করা এবং বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়ন ও অ্যাকশনএইড বাংলাদেশের কারিগরি সহায়তায় উৎসবটি বাস্তবায়ন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (বেইস)।
আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা আক্তার। জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম উৎসবের উদ্বোধন করেন। এ সময় ইউএনএফপিএর প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎসবে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নারীরা মেন্টর হিসেবে অংশ নেন। তাঁরা নিজেদের জীবনসংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং বিভিন্ন পেশায় কাজের সুযোগ সম্পর্কে ধারণা দেন। তাঁদের বক্তব্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে উৎসাহিত করে।
ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল সরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে স্থাপিত আটটি সচেতনতামূলক ও সেবাভিত্তিক স্টল। এসব স্টলে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার সুযোগ তুলে ধরা হয়।
উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের স্টলে নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় গৃহীত উদ্যোগ সম্পর্কে জানানো হয়। গণমাধ্যমবিষয়ক স্টলে ডিজিটাল কনটেন্ট তৈরি ও সাংবাদিকতা পেশায় নারীদের অংশগ্রহণের সুযোগ তুলে ধরা হয়। আইন ও আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট স্টলে আইনি সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ ছাড়া শিক্ষা-সংশ্লিষ্ট স্টলে উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ, স্বাস্থ্যবিষয়ক স্টলে স্বাস্থ্যসচেতনতা ও জরুরি চিকিৎসাসেবা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক স্টলে নারী উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং ক্রীড়াবিষয়ক স্টলে খেলাধুলায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ মেয়েদের শিক্ষা ও অগ্রযাত্রার পথে বড় বাধা। দেশকে এগিয়ে নিতে নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা জরুরি। এ ধরনের ক্যারিয়ার ফেস্টিভ্যাল কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
দিনব্যাপী এ উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা বাল্যবিবাহকে ‘না’ বলে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।