শিরোনাম

বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল

বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে করা আবেদন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনা হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপার পক্ষে এসব আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বার কাউন্সিলের মতামত চাওয়া হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বার কাউন্সিলের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, বাংলাদেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীর মামলা পরিচালনা বা শুনানিতে অংশ নেওয়ার ক্ষেত্রে বার কাউন্সিলের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের বিষয়টি অনুমতির ওপর নির্ভর করছে।

 

 

 

আসামিপক্ষের আইনজীবীরা আশা করছেন, তাদের মক্কেলদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দেওয়া হবে। অন্যদিকে প্রসিকিউশনের মতে, বার কাউন্সিল অনুমতি দিলে বিদেশি আইনজীবীদের মামলা পরিচালনায় অংশ নিতে আইনগত বাধা থাকবে না।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর