অবশেষে টানা এক মাস পর নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের ইনানীর সেই গ্যাসকূপের আগুন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে কূপের সারফেসের বিভিন্ন পয়েন্টে জ্বলতে থাকা আগুন বন্ধ করা হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানিয়েছে, কেসিং লাইনের সঙ্গে সংযুক্ত ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস উদ্গিরণ করায় কূপের আগুন বন্ধের অপারেশন সফল হয়েছে।
বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, এখন কূপের গভীরতা বিবেচনায় ড্রিল পাইপ প্রবেশ করিয়ে এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় খননকাজে মাড (বিশেষ তরল পদার্থ) ব্যবহার করা হবে। এক হাজার ফুট গভীরতা পর্যন্ত সফলভাবে খনন করা গেলে কূপের ফরমেশন প্রেশার ভারসাম্যে এনে প্রয়োজনীয় মাড ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ গ্যাস নির্গমনের পথ তৈরি করা হবে।
পরবর্তী সময়ে জিওলজিক্যাল সার্ভে ও সিসমিক সার্ভে সম্পন্ন করে প্রাপ্ত তথ্য মূল্যায়নের ভিত্তিতে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে টানা এক মাস ধরে কূপটিতে আগুন জ্বলছিল।