শিরোনাম

যুক্তরাষ্ট্রে ১২৯ যাত্রীবাহী রিভার ক্রুজে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২ জন

যুক্তরাষ্ট্রে ১২৯ যাত্রীবাহী রিভার ক্রুজে ট্যাংকারের ধাক্কা, হাসপাতালে ৩২ জন

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে যাত্রীবাহী একটি রিভার ক্রুজ জাহাজের সঙ্গে অ্যাসফল্টবাহী ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্রুজ জাহাজটি কাত হয়ে নদীতে ডুবে যেতে শুরু করে। এ ঘটনায় অন্তত ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে জাহাজে থাকা সব যাত্রী ও ক্রুর সন্ধান পাওয়া গেছে এবং কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে নিউ অরলিন্স বন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অ্যাটলান্টিক অ্যাসফল্ট (Atlantic Asphalt) নামের ট্যাংকারটি আমেরিকান ক্রুজ লাইনসের (American Cruise Lines) পরিচালিত ‘আমেরিকান হেরিটেজ’ (American Heritage) নামের রিভার ক্রুজ জাহাজটিতে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় জাহাজটিতে প্রায় ১২৯ জন যাত্রী ছাড়াও বেশ কয়েকজন ক্রু সদস্য ছিলেন। সংঘর্ষের সময় জাহাজটি বন্দরে নোঙর করা অবস্থায় ছিল। যাত্রীদের নামিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। ধাক্কার পর জাহাজটি কাত হয়ে যায় এবং একপর্যায়ে আংশিকভাবে পানিতে ডুবে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী পানিতে পড়ে যান।

খবর পেয়ে নিউ অরলিন্সের ফায়ার সার্ভিস, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা পানিতে পড়া যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। আহতদের মধ্যে ৩২ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো।

মেয়র জানান, জাহাজে থাকা সবাইকে শনাক্ত করা সম্ভব হয়েছে। কেউ নিখোঁজ নেই। উদ্ধার অভিযান সফল হওয়ায় ঘটনাটিকে তিনি ‘মিসিসিপিতে এক অলৌকিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করা ক্রুজ জাহাজটিকে ধাক্কা দেয়। তবে কী কারণে ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর মিসিসিপি নদীর সংশ্লিষ্ট এলাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

আমেরিকান ক্রুজ লাইনস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর যাত্রী ও ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা সমন্বয় করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর