শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনে

১০ প্রাণহানির ঘটনায় মামলা, গ্রেপ্তার রিসোর্ট ম্যানেজার

১০ প্রাণহানির ঘটনায় মামলা, গ্রেপ্তার রিসোর্ট ম্যানেজার
ছবি প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি করে। রোববার (১৮ অক্টোবর) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার বিকেলে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়। এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এতে ১০ জনের প্রাণহানি ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়েও কাজ করছে পুলিশ। উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর সেগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কক্সবাজারে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য জেলার বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই পরীক্ষার ব্যবস্থা করা হবে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দায় নির্ধারণ এবং আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর