শিরোনাম

‘জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করা যাবে না’ গোলাম পরওয়ার

‘জুজুর ভয় দেখিয়ে জনগণের দাবি উপেক্ষা করা যাবে না’ গোলাম পরওয়ার

গণদাবি আদায়ের কর্মসূচি নিয়ে ‘লং মার্চে পতিত সরকার ফিরে আসবে’—এমন ন্যারেটিভ তৈরি করে বিএনপি সরকার জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের হলরুমে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় যশোর-কুষ্টিয়া লং মার্চের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা করছে সরকার।’

তিনি জানান, গণভোট বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হচ্ছে।

জামায়াতের এই নেতা বলেন, এর আগে ১১ দলীয় জোটের উদ্যোগে দুটি লং মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে পালন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে লং মার্চের কারণে ওই অঞ্চলে যাতায়াত ও চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে উল্লেখ করে ব্যবসায়ী, পথচারীসহ সংশ্লিষ্ট সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেন।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, নির্ধারিত দিনে সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত জনসভার মধ্য দিয়ে লং মার্চ শুরু হবে। এরপর পদ্মা সেতু হয়ে প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে যশোরের উদ্দেশে যাত্রা করা হবে। প্রায় ১২ ঘণ্টার এ যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

মতবিনিময় সভায় যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসূল, সংসদ সদস্য মোক্তার আলী এবং ফরিদপুর, কুষ্টিয়া, শরীয়তপুর ও গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর