মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির তালা ও দরজা ভেঙে নগদ ৮ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভেতরে আব্দুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতির সময় বাড়ির মালিক আব্দুল লতিফ পরিবারের সদস্যদের নিয়ে সিরাজদিখানের খাসমহলে তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। ওই বাড়িতে থাকতেন ডিসি প্রজেক্ট জামে মসজিদের ইমাম মাওলানা আল-আমিন (৩০)।
রাতে একদল ডাকাত প্রথমে দুইতলা ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নিচতলার দরজা ভেঙে ভবনের ভেতরে ঢোকে। ডাকাতদের দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে মাওলানা আল-আমিন ভবনের ছাদে উঠে আত্মরক্ষা করেন।
পরে ডাকাতরা বাড়ির শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ৮ লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, “আমার বাড়িতে ডিসি প্রজেক্টের মসজিদের ইমাম থাকতেন। ডাকাতির সময় আমি পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে ছিলাম। ডাকাতরা ঘরের আসবাবপত্র ও আলমারি ভেঙে নগদ ৮ লাখ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।”
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।