দূরদূরান্ত থেকে আসা দরিদ্র মুসাফির, ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে খাবার তুলে দিতে পঞ্চগড় শহরে চালু হয়েছে ‘মেহমানখানা’ কর্মসূচি। প্রতি শুক্রবার দুপুরে বিনা মূল্যে খাবার বিতরণের এ উদ্যোগ নিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষ। তাঁদের প্রত্যেকে বছরে এক দিন করে কর্মসূচির দায়িত্ব পালন করবেন। এভাবে সারা বছর, অর্থাৎ ৫২ সপ্তাহ চলবে মেহমানখানার কার্যক্রম।
শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণে কার্যক্রমটি শুরু হয়েছে। নতুন করে বিত্তবান ও মানবিক মানুষ যুক্ত হলে কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত হবে ‘মেহমানখানা’। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এ উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তা।