ছয় দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতাকর্মী ও গ্রাহকেরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকেরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম ও আব্দুস সালামসহ অন্যরা।
সমাবেশে ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা ইসলামী ব্যাংকের প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে এস আলম গ্রুপের শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত, মূল উদ্যোক্তাদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তর এবং ব্যাংকে সুশাসন নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
এ ছাড়া সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের নিয়ে দ্রুত একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন গ্রাহক ফোরামের নেতারা।
গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক নিরাপত্তা জড়িত। তাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
সমাবেশে বক্তারা তাঁদের ছয় দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন।