খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, শরীর ও মন ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকের মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ফকিরহাটের কাজি আজহার আলী কলেজ মাঠে আট দলীয় আট্টাকী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আট্টাকী যুব সংঘ ক্লাব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আট্টাকী যুব সংঘ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, খেলার উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. মুশফিকুজ্জামান রিপন ও শেখ রফিকুল ইসলাম। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি মোল্লা সাইদুর রহমান জয়।
উদ্বোধনী খেলায় ঢাকা লিখন ইলেভেন স্টার ফুটবল দল ও নৈহাটী সান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত খেলা শেষে টাইব্রেকারে ৪-৩ গোলে লিখন ইলেভেন স্টার ফুটবল দলকে হারিয়ে জয় পায় নৈহাটী সান স্পোর্টিং ক্লাব।
খেলা পরিচালনা করেন মো. মিরাজ সরদার। সহযোগী ছিলেন জসিম উদ্দিন ও তানভীর ইসলাম। ধারাভাষ্য দেন আবুল হাসনাত রিপন ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট জলিল। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।