শিরোনাম

সৈয়দপুর পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনায় স্বাক্ষর

সৈয়দপুর পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনায় স্বাক্ষর

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নগরব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের সঙ্গে এক বছর মেয়াদি ইজারা চুক্তি করেছে পৌরসভা।

চুক্তির আওতায় গৃহস্থালির কঠিন বর্জ্য সংগ্রহ ও পরিবহন, পয়ঃবর্জ্য অপসারণে ভ্যাকুট্যাগ সেবা, পয়ঃবর্জ্য পরিশোধনাগার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং জৈব সার উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের নয়াবাজার এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের হলরুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী, ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের স্বত্বাধিকারী মো. আরমান চৌধুরী, ওয়াটারএইডের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. শাখাওয়াত হোসাইন এবং বাসা ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লিটন দত্ত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাসা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল আলম।

পরে এক বছর মেয়াদি ইজারা চুক্তিপত্রে সৈয়দপুর পৌরসভার পক্ষে ইউএনও ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা এবং ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশনের পক্ষে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আরমান চৌধুরী স্বাক্ষর করেন।

এ সময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমানসহ ওয়াটারএইড, ভেক্টর ডিজাইন অ্যান্ড সল্যুশন, বাসা ফাউন্ডেশনের প্রতিনিধি, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় এক একর ৭৭ শতক জমির ওপর মানববর্জ্য ব্যবস্থাপনা প্লান্টটি গড়ে তোলা হয়েছে। এটি পৌরসভার গৃহস্থালির বর্জ্য ও মানববর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থাপিত একটি বর্জ্য শোধনাগার।

২০২১ সাল থেকে প্লান্টটিতে গৃহস্থালির বর্জ্য ও মানববর্জ্য প্রক্রিয়াজাত করে নিরাপদ ও পুনর্ব্যবহারযোগ্য জৈব সার উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি সৈয়দপুর শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় প্লান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সৈয়দপুর পৌরসভার তত্ত্বাবধানে প্লান্টটি পরিচালিত হচ্ছে। এতে ওয়াটারএইড আর্থিক এবং বাসা ফাউন্ডেশন কারিগরি সহযোগিতা দিয়ে আসছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর