শিরোনাম

মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আউয়াল মাঝি (৪৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের একটি খাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কর্মকারপট্টির বুলু কর্মকারের দোকানের পেছনে খালে দোকানের কয়লা ধুতে নেমেছিলেন আউয়াল মাঝি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও খালে তল্লাশি চালায়। প্রায় ১৫ ঘণ্টা পর বুধবার সকালে খাল থেকে আউয়াল মাঝির মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর স্বজনরা তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ মরদেহ হেফাজতে নেয়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর