সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং কপ৩১ সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর দাবিগুলো জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি। এতে তরুণ-তরুণীরা কাফনের কাপড় পরে প্রতীকী মরদেহ সেজে প্রতিবাদ জানান।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে ক্লাইমেট অ্যাকশন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। প্রথমে জলবায়ু ন্যায়বিচারের দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। পরে খালপাড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, আমিনা বিলকিস ময়না, গাজী ফারহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।
বক্তারা বলেন, শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে কৃষি, জীবিকা ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। তাই কপ৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পর্যাপ্ত ও ন্যায্য জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, উপকূলের মানুষ করুণা বা ত্রাণ চায় না; তারা চায় নিরাপদ ও টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি এবং কৃষিজমির সুরক্ষা। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি নয়, এর বাস্তবায়নই এখন জরুরি।
জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর উপকূলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। সেই ক্ষত এখনো পুরোপুরি কাটেনি।
সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি উপকূলবাসীর স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।