কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নৌকাটিতে থাকা রোহিঙ্গারা নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। শাহপরীরদ্বীপ উপকূলের কাছে পৌঁছালে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন। নৌকার মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।