বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে পঞ্চগড় সদর উপজেলা ও পৌরসভা ওলামা দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ওলামা দলের সভাপতি আব্দুল আলীম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, ‘জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ওলামা দলের ভূমিকা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।’
সভাপতির বক্তব্যে জেলা ওলামা দলের সভাপতি আব্দুল আলীম খান বলেন, ওলামা দল দেশ ও ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে। আগামী দিনে বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা ওলামা দলের প্রতিষ্ঠার ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির কার্যক্রম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে জেলা ওলামা দল, সদর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।