শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক অসচ্ছলতার কারণে চলাচলে সমস্যায় থাকা ৫০ জন অসহায় মানুষের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বুধবার (২১ অক্টোবর) সকালে জামালপুর শহরের কম্পপুর মাঠে সংগঠনটির উদ্যোগে এ হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, দোস্ত এইডের অ্যাডমিন অফিসার কোহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্য অতিথিরা।
বক্তারা বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। শারীরিকভাবে চলাচলে অক্ষম ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, শুধু সহায়তা প্রদানই নয়, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ও অসহায় মানুষকে দক্ষ করে তোলা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও জরুরি। এতে তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবেন। একই সঙ্গে তাঁদের পরিবারের আয় বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে ৫০ জন অসহায় ও চলাচলে অক্ষম মানুষের হাতে বিনামূল্যে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এ উদ্যোগ তাঁদের দৈনন্দিন চলাচল সহজ করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।