শিরোনাম

রূপসায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রূপসায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর দুটি মেয়ে রয়েছে।

স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে ফখরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কারা এবং কী কারণে ফখরুলকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর