জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায় সুফিয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে সালাম ব্যাপারীর বিরুদ্ধে। মৃত্যুর পর দ্রুত দাফন করা হলেও শরীরে আঘাতের চিহ্ন দেখে স্বজনদের সন্দেহ হয়। এ ঘটনায় করা মামলার প্রায় তিন মাস পর আদালতের নির্দেশে মৃত্যুর প্রকৃত কারণ জানতে কবর থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরসালেপুর গ্রামের আমিন খারহাট এলাকার কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরদেহ উত্তোলন কার্যক্রমের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। এ সময় সিআইডির পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কাজী রিপনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালতে দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা বিক্রির টাকা নিয়ে সুফিয়া বেগমের সঙ্গে তাঁর ছেলে সালাম ব্যাপারীর বিরোধ ছিল। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করতেন সুফিয়া। তাঁর বসতভিটা, ঘরবাড়ি ও মাঠে কিছু জমি ছিল। অভিযোগ, এসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য সালাম প্রায়ই মাকে চাপ দিতেন। রাজি না হওয়ায় তাঁকে মারধর ও নির্যাতন করা হতো। এমনকি জমির কাগজপত্র বুঝিয়ে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
নিহতের বোন ও মামলার বাদী নিলিমা বেগমের অভিযোগ, ১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ সালের সকাল ৭টার মধ্যে কোনো একসময় সালাম, শেখ ইকবালসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁর বোনকে হত্যা করেন। পরে ঘটনাটি আড়াল করতে দ্রুত মরদেহ দাফন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে নিলিমা বেগম উল্লেখ করেন, ১৫ আগস্ট সকালে বোনের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের নিয়ে বাড়িতে যান তিনি। সেখানে সুফিয়া বেগমের মুখমণ্ডলে রক্তের দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কালশিটে দাগ দেখতে পান। এসব চিহ্ন দেখে স্বাভাবিক মৃত্যু নিয়ে তাঁদের সন্দেহ হয়। জমি বিক্রির টাকা আদায়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে বাদীর অভিযোগ।
এ ঘটনায় গত ২৩ আগস্ট ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে নালিশি মামলা করেন নিলিমা বেগম। মামলায় সালাম ও শেখ ইকবালকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। হত্যার পাশাপাশি আলামত গোপনের অভিযোগও আনা হয়েছে মামলায়।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পরে আদালতে পৃথক আবেদন করেন বাদী। ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় করা ওই আবেদনে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্ত এবং প্রয়োজনে ভিসেরা সংগ্রহসহ রাসায়নিক ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সোমবার মরদেহ উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য সুফিয়া বেগমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।