শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, ব্যারিস্টার তুষার কান্তি রায়, পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে তাঁরা পূজামণ্ডপগুলোতে এসেছেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটোয়ারী উপজেলার প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে সংসদ সদস্যের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।