যশোরের অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন সরকারি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাচাতো ভাই ফাহিমের (৬) সঙ্গে দক্ষিণ দেয়াপাড়া-পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় নদীর প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল নৌকাযোগে নদীতে আবারও উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি ড্রেজার মেশিনের পাখায় আটকে থাকা অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, দীর্ঘ ২২ ঘণ্টা অভিযান চালানোর পর নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।