শিরোনাম

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাটা শোরুমের সামনে মিছিলটি হয়। পুলিশ জানায়, মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটান। পরে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ধানমন্ডি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালানোর সময় আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর