দিনাজপুরের পার্বতীপুরে ৪০০ বস্তা মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উল্টে চালক ও হেলপার আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—ট্রাকচালক মনির খান (৫৫) ও হেলপার নিরব ইকবাল (২৮)। তাঁদের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে ৪০০ বস্তা মুরগির বিষ্ঠা নিয়ে পঞ্চগড় জেলা সদরের দিকে যাচ্ছিল। পথে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর-উত্তর-পশ্চিম মৎস্য প্রকল্প হ্যাচারির উত্তরে অবস্থিত গোলচত্বরে পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ট্রাকচালক মনির খান বলেন, দূর থেকে গোলচত্বরটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। গোলচত্বরের কাছে গাড়ি ঘোরানোর সময় হঠাৎ ট্রাকটি উল্টে যায়।