পঞ্চগড়ের বোদা উপজেলায় দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্মিত আধুনিক দ্বিতল ডাকবাংলোর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার থানাপাড়া এলাকায় ডাকবাংলোটির ফলক উন্মোচন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধন শেষে অতিথি ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা এবং দর্শনার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে জেলা পরিষদের পরিকল্পনা ও তত্ত্বাবধানে প্রকল্পটি গ্রহণ করা হয়। ২০১৯-২০২০ ও ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি-সাধারণ) বরাদ্দের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদনের পর ই-জিপি দরপত্র প্রক্রিয়ায় নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
ডাকবাংলোটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ২৮৬ টাকা। কাজটি করেছে তেঁতুলিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মো. বাবর আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আধুনিক এই ডাকবাংলো শুধু একটি স্থাপনা নয়; এটি পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরার একটি উদ্যোগ। এর মাধ্যমে বোদা উপজেলার পর্যটন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।