ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে পিভিজি ৯৪৪৫ নম্বরের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর ও ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং নিজ নিজ বাড়িতে ফেরার জন্য আর্থিক সহায়তা দেয় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্ক এ কাজে সহযোগিতা করে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাক সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় ফেরত আসা ৩৫ জনকে বিমানবন্দরে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইউরোপ থেকে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। ফেরত আসা ব্যক্তিদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তা করা হয়, যাতে তাঁরা নতুন করে জীবন গুছিয়ে নিতে পারেন।
তিনি আরও জানান, ঝুঁকি নিয়ে যেন বাংলাদেশিরা ইউরোপে পাড়ি না জমান, সে জন্য দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। একই সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশ বৈধ পথে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগও নিয়েছে।