জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। ছবি: আনাদোলু এজেন্সি
নিজস্ব প্রতিবেদক:রাশিয়ার বাড়তে থাকা বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। নতুন এই সহায়তা প্যাকেজে থাকছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, গাইডেড ক্ষেপণাস্ত্র, রাডার এবং এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ ঘোষণা দেন।
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিস্টোরিয়াস। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়ে রাশিয়া ইউক্রেনে বিমান হামলার তীব্রতা বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর কাছে বিষয়টি স্পষ্ট, দেশটির আকাশ প্রতিরক্ষা জোরদারে কার্যকর ও দ্রুত সামরিক সহায়তা অব্যাহত রাখতে হবে। দিনের পরবর্তী সময়ে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে জার্মানি নতুন সহায়তার প্রতিশ্রুতি ঘোষণা করবে বলেও জানান তিনি।
পিস্টোরিয়াস জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেনের জন্য অস্ত্র কেনার অর্থায়নে গঠিত প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট (পিইউআরএল) উদ্যোগে অতিরিক্ত ৩০ কোটি ডলার দেবে বার্লিন। এই অর্থের প্রধান লক্ষ্য হবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো।
নতুন প্যাকেজের বিষয়ে তিনি বলেন, এতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পিএসি-২ ও পিএসি-৩ সংস্করণের জন্য গাইডেড ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি আগে ঘোষিত আইআরআইএস-টি প্রতিরক্ষাব্যবস্থা ও এর ক্ষেপণাস্ত্রও সরবরাহ করা হবে।
জার্মান প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। বিশেষ করে দেশটির বড় শহরগুলো এসব হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে কঠিন শীতের মোকাবিলা করতে হচ্ছে।
তিনি আরও জানান, নরওয়ের সরবরাহ করা নাসামস আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় আইআরআইএস-টি ক্ষেপণাস্ত্র যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। এ ছাড়া আকাশপথের পরিস্থিতি পর্যবেক্ষণে নতুন রাডার, এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ এবং ড্রোন সরবরাহ করা হবে।
বার্লিনের মতে, রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এসব সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।