হ্যান্ডকাফ, পুলিশের ভেস্ট, মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। অপহরণের পর ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট, মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
১৬ নভেম্বর ভোররাতে খুলনার চুকনগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। তিনি বাগেরহাট জেলায় কর্মরত ছিলেন।
অপরজন হলেন মতিউর হোসেন মোরসালিন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।
অপহরণের শিকার ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া এলাকায় তাঁর সাইকেলের যন্ত্রাংশের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন কাশেম সরদার। এ সময় দুই ব্যক্তি দোকানে এসে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। এরপর তাঁরা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে সেখান থেকে নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁর স্ত্রীর মোবাইল ফোনে কল করে মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণকারীদের শনাক্ত ও উদ্ধারের চেষ্টা শুরু করে। তদন্তের একপর্যায়ে তাঁদের অবস্থান খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় নিশ্চিত হওয়ার পর তালা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে দুজনকে আটক করা হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।