প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের (আরপিসি) উদ্যোগে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বিএইউএসটি রিসার্চ সোসাইটি’ (বিআরএস)।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে সংগঠনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ কে এম নুরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিসির পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা গবেষণার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং জ্ঞানভিত্তিক একাডেমিক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গবেষণাভিত্তিক সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, বিএইউএসটি রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও আন্তবিষয়ক গবেষণার নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিএইউএসটি রিসার্চ সেন্টার ও সেমিনার হল সাজসজ্জা ও প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে সুসজ্জিত করা হয়। সংগঠনটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমে অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়।

বিএইউএসটি রিসার্চ সোসাইটির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।