শিরোনাম

শেখ হাসিনাকে ফেরাতে সরকারের উদ্যোগের হিসাব চেয়েছে সংসদীয় কমিটি

শেখ হাসিনাকে ফেরাতে সরকারের উদ্যোগের হিসাব চেয়েছে সংসদীয় কমিটি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের নেওয়া কূটনৈতিক ও আইনগত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এ বিষয়ে সরকারের উদ্যোগ ও অগ্রগতি কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

বৈঠক শেষে কমিটির সভাপতি গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের অন্যতম এজেন্ডা। বৈঠকে উপস্থিত দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে তারা কাজ করছেন। শেখ হাসিনাকে ফেরাতে মন্ত্রণালয় কী কী উদ্যোগ নিয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন কমিটিতে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কমিটি কীভাবে সহযোগিতা করতে পারে, তাও জানাতে বলা হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব থাকবে, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মত দেন কমিটির সদস্যরা।

এ ছাড়া অবৈধ অভিবাসন ও মানব পাচার নিয়ন্ত্রণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে পদ্ধতিগত দুর্বলতা ও যথাযথ যাচাই-বাছাইয়ের ঘাটতির কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা মোকাবিলায় প্রবাসী কর্মীদের তথ্য ও নথিপত্র যথাযথভাবে সত্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে যাচাই করা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ব্যবস্থা গড়ে তোলার সুপারিশও করা হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক প্রচার এবং বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে মানুষকে অবহিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতিও পর্যালোচনা করা হয়। সংকটের পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামী অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনার কথা জানায় সংসদীয় কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর