শিরোনাম

বেনামি মালিকানা ঠেকাতে ব্যাংকের শেয়ারধারণে নতুন বিধিনিষেধ

বেনামি মালিকানা ঠেকাতে ব্যাংকের শেয়ারধারণে নতুন বিধিনিষেধ

ব্যাংক-কোম্পানিতে শেয়ারধারক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও প্রতিনিধি পরিচালক মনোনয়নে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যমানের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানির ব্যাংকে বিদ্যমান শেয়ারধারণ নির্ধারিত সীমার বেশি থাকলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে আনতে হবে।

একই সঙ্গে শেয়ারধারক কোম্পানির পক্ষ থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে ‘প্রতিনিধি পরিচালক’ মনোনয়নের ক্ষেত্রেও নতুন শর্ত দেওয়া হয়েছে। এখন থেকে মনোনীত ব্যক্তি সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে।

এ ছাড়া প্রতিনিধি পরিচালক হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ নামে এবং দায়মুক্ত অবস্থায় শেয়ারধারক কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ওই কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ শেয়ার থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার ফলে ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের শেয়ার ধারণের সীমা ও প্রতিনিধি পরিচালক মনোনয়নের যোগ্যতার ক্ষেত্রে নতুন কাঠামো কার্যকর হলো।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর