ময়মনসিংহের ত্রিশালে সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার বাঘাদাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বার বেপারীর ছেলে আব্দুস সাত্তার বেপারী (৭৫), তাঁর দুই ছেলে আলমগীর মিয়া (৫৩) ও রনি (৩৭) এবং তাঁর ছোট ভাই আশিকুর রহমান আশিক (৩৫)। তাঁদের মধ্যে আলমগীর মিয়া, রনি ও আশিকুর রহমান আশিক পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মালেক বাসসকে জানান, ২০১১ সালের ২ জুন নিহত সোহেলের ভাই আব্দুস সালাম বেপারী ত্রিশাল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। পরবর্তী সময়ে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১১ সালের ২৮ মে সোহেলের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মে সোহেলের মৃত্যু হয়।
মামলার বাদী আব্দুস সালাম বেপারী এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার বেপারী সম্পর্কে সহোদর ভাই।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাকসুদুর রহমান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এইচ এম খালেকুজ্জামান।
আদালতের এ রায়ে দীর্ঘদিন ধরে চলা হত্যা মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।