নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের পোস্টার সাঁটানোর খবর পাওয়া গেছে। দেয়াল, ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ ও বিদ্যুতের খুঁটিতে এসব পোস্টার দেখা গেলেও কারা এগুলো লাগিয়েছে, তা এখনো শনাক্ত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের ছবি সংবলিত পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারগুলোর ওপরের অংশে শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সজীব ওয়াজেদ জয় এবং কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও বাটইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিনের ছবি রয়েছে।
এ ছাড়া পোস্টারে জহির উদ্দিন রুবেল ও ইমরান হোসেন নামে দুজনকে যথাক্রমে ‘৭ নম্বর বাটইয়া ইউনিয়ন যুবলীগ’ ও ‘৭ নম্বর বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগ’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
পোস্টারগুলোতে ‘আসছে ফাগুন, আমরা হবো দিগুণ’, ‘ডিসেম্বর দিচ্ছে ডাক, পাকবাহিনী নিপাত যাক’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’—এ ধরনের রাজনৈতিক স্লোগান লেখা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নামে প্রকাশ্যে এভাবে পোস্টার সাঁটানোর ঘটনা উদ্বেগজনক। জনবহুল এলাকায় এবং বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর পরও সংশ্লিষ্টদের শনাক্ত করা না যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কবিরহাট থানা পুলিশের বক্তব্য জানতে চাইলে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।