বিশ্বজুড়ে যুদ্ধের কারণে জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি আয়োজনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এতদিন ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা তেল, বিদ্যুৎ, সারসহ বিভিন্ন সংকটের কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট একটি বাস্তবতা। এ অবস্থায় হাজার হাজার লিটার তেল ব্যয় করে লংমার্চের মতো কর্মসূচি পালন করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অনুষ্ঠানে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে শিশুদের সাঁতার শেখানো এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাঁতার প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।