কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার এমসিএম উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহমেদ মৃধা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনসহ স্থানীয় নেতারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টাকারী যেকোনো অপশক্তির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন থাকতে হবে।
এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।